নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়া: প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) পদে নিয়োগ পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আব্দুর রহমান সানি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ প্রদান করা হয়।
নবনিযুক্ত সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বিশিষ্ট নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার ছোট ভাই।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী যতদিন পদ অলঙ্কৃত করবেন অথবা আব্দুর রহমান সানিকে এই পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে। সানিকে সরকারের জাতীয় বেতন স্কেলের আওতায় সংশ্লিষ্ট গ্রেড ও সুবিধাদি প্রদান করা হবে।
ব্রাহ্মণবাড়িয়ার একজন মেধাবী ও দক্ষ সংগঠক হিসেবে আব্দুর রহমান সানি পরিচিত। তার এই গুরুত্বপূর্ণ নিয়োগের খবর ছড়িয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়া জেলা জুড়ে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। বিশেষ করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয়রা মনে করছেন, প্রধানমন্ত্রীর দপ্তরে জেলা থেকে এমন একজন যোগ্য ব্যক্তির অন্তর্ভুক্তি ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে এবং সাধারণ মানুষের দাবি দাওয়া পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।