বাঞ্ছারামপুর প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে বাঞ্ছারামপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন, উপজেলা ও পৌর বিএনপি, উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল। এছাড়াও গণসংহতি আন্দোলন এবং বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক শামীম শিবলীর নেতৃত্বে স্থানীয় সাংবাদিক, পেশাজীবী কর্মকর্তা ও সর্বস্তরের দেশপ্রেমিক জনতা পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ মুসা তার বক্তব্যে বলেন, “১৯৫২ সালে বাংলা ভাষার জন্য যেসব শহীদ প্রাণ দিয়েছেন, তারা আমাদের কাছে চিরকাল অমর হয়ে থাকবেন। বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের পক্ষ থেকে আমরা শহীদদের পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছি। যতদিন পৃথিবী থাকবে, আমরা এই শহীদদের হৃদয়ে ধারণ করব এবং বাংলা ভাষাকে বিশ্বের দরবারে আরও সমৃদ্ধ করব।”
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান তার বক্তব্যে বলেন, “ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আমার ব্যক্তিগত ও জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তাদেরকে জানাই গভীর শ্রদ্ধা। মহান আল্লাহ যেন ভাষা শহীদদের বেহেশত নসিব করেন।”