নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর কারওয়ান বাজার এলাকায় একটি কাঠের দোকানে লাগা ভয়াবহ আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার রাত ১০টা ২৮ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং রাত ১২টা ৩৮ মিনিটে তা নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল জানায়, আগুনের খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে ইউনিট পাঠানো হয়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পর্যায়ক্রমে ১০টি ইউনিট নেভানোর কাজে অংশ নেয়। কাঠপট্টি এলাকার ওই অগ্নিকাণ্ড পাশের একটি পাঁচতলা ভবনেও ছড়িয়ে পড়েছিল, যেখানে একটি স্বনামধন্য ব্র্যান্ডের ডায়াপারের গুদাম ছিল।
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ঘনবসতিপূর্ণ এবং দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।