সুনামগঞ্জে ডিউটিতে যোগ দিতে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন আনসার সদস্যরা। আজ রোববার সকালে জেলা শহরের পৈরতলা মোড়ে নির্মাণাধীন ফ্লাইওভারের পিলারে তাদের বহনকারী বাসটি সজোরে ধাক্কা দেয়। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে মহাসড়ক কিছুটা ফাঁকা ছিল। হঠাৎ বিকট শব্দে বাসটি পিলারে আছড়ে পড়ে। বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫-৮৩৩৯) কুমিল্লার চান্দিনা থেকে ছেড়ে এসেছিল। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ও হাইওয়ে পুলিশ দ্রুত উদ্ধারকাজে অংশ নেয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের জখম গুরুতর। ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর কয়েকজনকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।