ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় সরাসরি অংশ নেওয়া বাইক চালককে শনাক্ত করা সম্ভব হয়েছে। ডিজিটাল তথ্যানুসন্ধান ও গবেষণা প্ল্যাটফর্ম ‘দ্য ডিসেন্ট’ দাবি করেছে, ওই বাইক চালকের নাম আলমগীর হোসেন। শনিবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতে নিজেদের অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে তারা।
এর আগে গুলি বর্ষণকারী ব্যক্তিকে ফয়সাল করিম মাসুদ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এবার তাকে বহনকারী বাইক চালকের পরিচয়ও সামনে এল।
দ্য ডিসেন্ট-এর অনুসন্ধানে জানা যায়, চিহ্নিত ব্যক্তির ফেসবুক আইডির নাম ‘মোহাম্মদ আলমগীর শেখ’। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার ‘সুনিবিড় হাউজিং’-এর জিওট্যাগ ব্যবহার করতেন। তার ফেসবুকে আপলোড করা ছবির সঙ্গে ওসমান হাদীর গণসংযোগের ভিডিও ও ছবির তুলনামূলক বিশ্লেষণ করেই এই পরিচয় নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ৫ ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমি এলাকায় ওসমান হাদীর নির্বাচনী প্রচারণায় আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। সে সময়ের ফুটেজে তার চেহারা স্পষ্ট দেখা গেছে। এরপর গত ১২ ডিসেম্বর মতিঝিলে হাদীর গণসংযোগে আবারও তাকে দেখা যায়। সেদিন তার পরনে ছিল কালো পাঞ্জাবি, গলায় চাদর এবং মুখে কালো মাস্ক। তার সঙ্গে ছিলেন কালো ব্লেজার ও মাস্ক পরিহিত আরেক ব্যক্তি, যিনি পরে শুটার ফয়সাল করিম মাসুদ হিসেবে শনাক্ত হন।
ঘটনার দিন এই দুই ব্যক্তিই হাদীর গণসংযোগে অংশ নেওয়ার পর বাইকে চড়ে নয়াপল্টন কালভার্ট রোড এলাকায় যান এবং সেখানে ওসমান হাদীর ওপর গুলি চালানো হয়। বাইকটি চালাচ্ছিলেন কালো পাঞ্জাবি পরিহিত ওই ব্যক্তি।
দ্য ডিসেন্ট জানিয়েছে, ঘটনার সময় চালকের মুখ মাস্ক ও চাদরে ঢাকা থাকলেও তার শারীরিক গঠন, উচ্চতা, গায়ের রং, চুলের ছাঁট, হাতের গড়ন এবং চোখের ভ্রুর সঙ্গে আলমগীরের মিল পাওয়া গেছে। প্রাথমিক বিশ্লেষণে এসব বৈশিষ্ট্য হুবহু মিলে যাওয়ায় তাকেই বাইক চালক হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এছাড়া আলমগীরের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও তথ্য পেয়েছে অনুসন্ধানকারী দল। তার সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততার বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে, যা অধিকতর বিশ্লেষণ শেষে শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছে দ্য ডিসেন্ট।