ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ উদ্ধার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। শুক্রবার (৬ মার্চ) বিকেলে বাঞ্ছারামপুর পৌরসভার দশদোনা মধ্যপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি চৌকস টিম বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে বাঞ্ছারামপুর পৌরসভার ০২নং ওয়ার্ডের দশদোনা মধ্যপাড়া গ্রামের হাজী বাড়ির জনৈক মোঃ হাসান মিয়ার বসত ঘরে অভিযান চালায়।
অভিযানকালে আসামির চৌচালা টিনের ঘরের ভেতর থেকে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগে লুকানো অবস্থায় ১০ বোতল (প্রতিটি ৭৫০ মিলি) অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মোঃ হাসান (৪৮) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। পলাতক হাসান ওই এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে।
বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা পুলিশের মিডিয়া উইং থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।