নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার প্রতাপগঞ্জ বাজারে অনুমোদনহীন, ভেজাল ও মানহীন পণ্য বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাজারের বিভিন্ন শপিং মার্কেটে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন দেখা যায়, ‘স্বপ্ন ছোঁয়া’ ও ‘ছয় তারা’ নামক দুটি কসমেটিকস প্রতিষ্ঠান বিএসটিআই-এর প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই বিদেশি ও বিক্রয় নিষিদ্ধ মানহীন কসমেটিকস পণ্য বিক্রি করছে। সরকারি মানদণ্ড বজায় না রেখে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পণ্য বিক্রির অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ৫০,০০০ টাকা করে সর্বমোট ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বিএসটিআই সূত্রে জানানো হয়, বাজারে মানহীন ও ভেজাল পণ্যের সরবরাহ বন্ধে এবং ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের প্রসিকিউশন ও তদারকি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল ধ্বংস করার পাশাপাশি ব্যবসায়ীদের বিএসটিআই লাইসেন্স গ্রহণ ও বৈধ পণ্য বিক্রির জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।