নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর | ১৭ এপ্রিল, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উৎসবের আমেজকে ছাপিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ব্যতিক্রমীভাবে পালিত হয়েছে পহেলা বৈশাখ। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গ-সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মূল লক্ষ্য ছিল লন্ডনে চিকিৎসাধীন দলের প্রভাবশালী নেতা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার দ্রুত রোগমুক্তি কামনা।
শুক্রবার সকালে আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি ও কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। তিনি তাঁর বক্তব্যে দলের সংকটে কবির আহমেদ ভূঁইয়ার অবদানের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।
মেহেদী হাসান পলাশ বলেন, “আজ বাঞ্ছারামপুর ও সমগ্র ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির যে শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছে, তার নেপথ্যের কারিগর আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যখন আমরা নেতৃত্বশূন্যতায় ভুগছিলাম, তখন তিনি ধূমকেতুর মতো আবির্ভূত হয়ে আমাদের ঐক্যবদ্ধ করেছিলেন। আন্দোলন করতে গিয়ে তিনি গুমের শিকার হয়েছেন এবং অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন, যার প্রভাবেই তিনি আজ শারীরিকভাবে অসুস্থ।”
বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন যে, সুস্থ হওয়ার পর কবির আহমেদ ভূঁইয়া বাংলাদেশে ফিরে প্রথম বাঞ্ছারামপুরেই আসবেন এবং নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করবেন।
সাংগঠনিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খালেদ মাহবুবুর রহমান শ্যামল এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে সংগঠন এখন অত্যন্ত শক্তিশালী। আমরা দলের হাই কমান্ড ও জননেতা তারেক রহমানের নির্দেশনায় ঐক্যবদ্ধ। গত ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে আমরা জননেতা জুনায়েদ সাকি সাহেবকে বিজয়ী করেছি যাতে এলাকায় ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটে। বাঞ্ছারামপুরের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে আমরা সকলে জুনায়েদ সাকি সাহেবকে সহযোগিতা করব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, তাঁতী দল ও জাসাসের বিপুল সংখ্যক নেতাকর্মী। মিলাদ ও দোয়া মাহফিলে কবির আহমেদ ভূঁইয়ার দীর্ঘায়ু ও সুস্থতার পাশাপাশি দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিঃদ্রঃ বৈদ্যুতিক ত্রুটিজনিত কারণে দুই দিন কোন পোস্ট করা যায়নি