নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
তৃণমূল থেকে উঠে আসা এক নির্ভীক রাজনৈতিক ব্যক্তিত্বের নাম নাসির উদ্দিন পলাশ। ভাটারা থানার খিলবাড়িরটেক ইউনিট ছাত্রদলের সভাপতি হিসেবে রাজনীতিতে হাতেখড়ি হওয়া এই নেতা বর্তমানে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের ১ নং সহ-সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় বহু জেল-জুলুম এবং ত্যাগ-তিতিক্ষার সাক্ষী তিনি।
রাজনৈতিক অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে নাসির উদ্দিন পলাশ বলেন, তার দক্ষতা ও নিষ্ঠা দেখে তৎকালীন ছাত্রদল নেতা ও বর্তমানের প্রভাবশালী নেতৃবৃন্দ তাকে ভাটারা থানা স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব প্রদান করেন। তার নেতৃত্বে ভাটারা থানা স্বেচ্ছাসেবক দল একটি শক্তিশালী ইউনিটে পরিণত হয়। বিশেষ করে জুলাই বিপ্লবে তার ও তার সহকর্মীদের ভূমিকা ছিল অগ্রগণ্য। চোখের সামনে নিজের দুই সহকর্মীর শাহাদাত বরণ করার স্মৃতি আজ তাকে তাড়িয়ে বেড়ায়।
তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, “স্বৈরাচারী আমলে মাসের পর মাস না খেয়ে, না ঘুমিয়ে কাটিয়েছি। অসুস্থ স্ত্রীকে দেখতে যাওয়ার সুযোগটুকুও পাইনি।” বর্তমানে তিনি দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ‘৩১ দফা’ বাস্তবায়নে একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন। নাসির উদ্দিন পলাশ আশা প্রকাশ করেন, দল যদি তাকে মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বৃহত্তর কোনো দায়িত্ব প্রদান করে, তবে তিনি তার দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও সুশৃঙ্খল ইউনিটে পরিণত করবেন।