ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর—বিএনপির ঐতিহ্যবাহী ঘাঁটি খ্যাত এই আসনে আবারও ধানের শীষের প্রার্থী মনোনয়নের দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো উপজেলা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল থেকে উপজেলার ১৩টি ইউনিয়নে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
বিক্ষোভকারীদের দাবি, বাঞ্ছারামপুর আসনে কেবলমাত্র বিএনপির প্রতীক ধানের শীষে মনোনয়ন দিতে হবে—কোনো শরিক দল বা জোটের প্রার্থী নয়।
স্লোগান ওঠে—
“ডান বাম বুঝি না, এই আসনে ধানের শীষের প্রার্থী চাই।”
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন আকাশ, সহ-ছাত্রবিষয়ক সম্পাদক আবু কালাম, বিএনপি নেতা মাহবুব হাসান, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন, লিটন সরকার, আশিকুর রহমান অন্তু, বিউটি আক্তার ও রুমা বেগম প্রমুখ।
বক্তারা বলেন—
“বিগত দেড় দশকের দমন-নির্যাতনের সময় বিএনপি ও ছাত্রদলের কর্মীরা জেল-জুলুম, মামলা-হামলা সবকিছু সহ্য করে দলকে টিকিয়ে রেখেছে। আমরা বাড়ি ছাড়া থেকেছি, মাঠে ঘুমিয়েছি। এখন কোনো শরিক দলের প্রার্থী এসে বলবে এই আসন আমার—তা হবে না।”
তারা আরও বলেন—
“দলের লিফলেট বিতরণ করতে গিয়ে ছাত্রদলের সহসভাপতি নয়ন পুলিশের গুলিতে শহীদ হয়েছেন, তখন কেউ পাশে ছিল না। এখন উড়ে এসে জুড়ে বসার চেষ্টা চলছে, যা কর্মীরা মেনে নেবে না।”
বক্তারা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির প্রতি ইঙ্গিত করে বলেন, “যার ন্যূনতম গ্রহণযোগ্যতা নেই, তিনি বাঞ্ছারামপুরে জোটের প্রার্থী হয়ে বসতে পারেন না।”
অন্যদিকে জানা গেছে, বাঞ্ছারামপুরে বর্তমানে বিএনপির অন্তত ডজনখানেক সম্ভাব্য প্রার্থী আছেন, যারা নিজ নিজ অবস্থান থেকে দলীয় কর্মসূচি ও সামাজিক কার্যক্রমে সক্রিয়। তবে সবাই একমত—বাঞ্ছারামপুরে প্রার্থী হতে হবে বিএনপি থেকে, প্রতীক হবে ধানের শীষ।