মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বোন মাহেরীন চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।
নিলফামারী জেলার জলঢাকা পৌরসভার বগুলাগাড়ি গ্রামের চৌধুরী পাড়ায়, পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। মমতাময়ী এই শিক্ষিকা তার ছোট ছোট ২০ জন ছাত্র-ছাত্রীকে আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা করতে গিয়ে নিজেই শহীদ হন।
মাহেরীন চৌধুরীর কবর জিয়ারত এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা থেকে নিলফামারীতে ছুটে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব হেলেন জেরিন খান।
তাদের সাথে ছিলেন স্থানীয় মহিলা দলের নেতৃবৃন্দ এবং অসংখ্য শোকাহত এলাকাবাসী। কবর জিয়ারতের সময় কান্নায় ভেঙে পড়েন অনেকেই।
একজন আদর্শ শিক্ষকের দায়িত্ববোধ ও আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবেন মাহেরীন চৌধুরী। তার এই মহৎ আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।