কুমিল্লার হোমনায় উপজেলা পরিষদ চত্বরে এসিল্যান্ডের পিকআপ গাড়ির নিচে চাপা পড়ে দুই বছরের শিশু ফাইজার মৃত্যু হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দোষী চালকের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)–এর পিকআপ গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা’র মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলা পরিষদের ভেতরে টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ফাইজা বরিশাল জেলার উজিরপুর উপজেলার তেরদ্রন গ্রামের মো. ফাইজুল হকের মেয়ে। শিশুটির বাবা বর্তমানে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হোমনা উপজেলা মেডিক্যাল প্রমোশান অফিসার (এমপিও) হিসেবে কর্মরত আছেন। চাকরির সুবাদে পরিবারটি হোমনায় ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে শিশু ফাইজা তার মায়ের সঙ্গে হেঁটে যাওয়ার সময় এসিল্যান্ডের পিকআপ গাড়ির চালক মো. তৈয়্যবুর রহমান অসতর্কভাবে গাড়িটি চালিয়ে সামনে থাকা শিশুটিকে ধাক্কা দেন। ধাক্কা খেয়ে শিশুটি মাটিতে পড়ে গেলে চালক দ্রুত গাড়ি টেনে সামনে এগিয়ে গিয়ে শিশুটিকে চাকায় পিষ্ট করে ঘটনাস্থল ত্যাগ করেন।
গুরুতর অবস্থায় স্থানীয়দের সহায়তায় শিশুটিকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে হোমনা উপজেলা সদরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করে। তারা পলাতক চালকের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।