নিজস্ব প্রতিবেদক | দৈনিক প্রবাহ নিউজ ব্রাহ্মণবাড়িয়া: ২৮ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে সামান্য অভিমান থেকে ঘটে গেল এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা। মায়ের দেওয়া একটি থাপ্পড় সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে নিজের জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে তাইয়্যেবা (১৪) নামের এক কিশোরী। রোববার (২৬ এপ্রিল) রাতে পৌরসভার পীরবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত তাইয়্যেবা সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামের উজ্জ্বল মিয়ার মেয়ে। তারা দীর্ঘদিন ধরে শহরের পীরবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল। পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলের দিকে বাসার সামনে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করার সময় তাইয়্যেবার কথা কাটাকাটি হয়। বিষয়টি সে তার মাকে জানালে মা তাকে এ নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেন।
মায়ের নিষেধের পরও তাইয়্যেবা রাগ দেখালে মা তাকে শাসন করতে একটি থাপ্পড় দেন। এই সামান্য শাসনই কিশোরী তাইয়্যেবার মনে গভীর ক্ষতের সৃষ্টি করে। চরম অভিমানে সবার অগোচরে সে বাসার বারান্দায় ওড়না দিয়ে গলায় ফাঁস নেয়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করেন। দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে না ফেরার দেশে চলে যায় তাইয়্যেবা।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।