যানজট নিরসনে কঠোর অবস্থানে প্রশাসন; রাত ৮টার পর মালামাল লোড-আনলোডের নির্দেশ এসিল্যান্ডের।
নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর এলাকার অন্যতম ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র প্রতাবগঞ্জ বাজারের দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এখন থেকে দিনের বেলা বাজারের নির্দিষ্ট এলাকায় মালবাহী ট্রাক ও পিকআপ প্রবেশ করতে পারবে না।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতাবগঞ্জ বাজারের সিনেমা হল সংলগ্ন ব্রিজ হতে মোল্লাবাড়ি ব্রিজ পর্যন্ত সড়কে যানজট নিরসনের লক্ষ্যে প্রতিদিন সকাল ৮:০০ ঘটিকা হতে রাত ৮:০০ ঘটিকা পর্যন্ত সব ধরনের মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড মহোদয় তার অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। নির্দেশনায় বলা হয়েছে, বাজারের ব্যবসায়ীদের মালামাল লোড এবং আনলোড করার কাজ অবশ্যই রাত ৮:০০ ঘটিকা হতে পরবর্তী দিন সকাল ৮:০০ ঘটিকার মধ্যে সম্পন্ন করতে হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতাবগঞ্জ বাজারের এই গুরুত্বপূর্ণ সড়কটিতে দিনের বেলা মালবাহী যান চলাচলের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি তৈরি করে। এই শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী ও পরিবহন মালিকদের সহযোগিতা কামনা করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দিয়েছে প্রশাসন।