নিজস্ব প্রতিবেদক, হোমনা |
কুমিল্লার হোমনা থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর (এসআই) তাপস কুমারের একটি অপেশাদার আচরণের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায়, থানার ছাদে এক বৃদ্ধা নারীকে জিজ্ঞাসাবাদের সময় ওই পুলিশ কর্মকর্তা হাতে সিগারেট নিয়ে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে কথা বলছেন। পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন অপেশাদার আচরণকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
জানা গেছে, পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে ওই বৃদ্ধা মাকে থানায় নিয়ে আসা হয়। অভিযোগ উঠেছে, সন্তানরা মায়ের দায়িত্ব না নিলেও মায়ের ব্যক্তিগত সম্পদ বিক্রি করার সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বিবাদের বিচার করতে গিয়েই এসআই তাপস কুমার ওই বৃদ্ধাকে থানার ছাদে নিয়ে যান। সেখানে ধুমপানরত অবস্থায় এবং অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ ভঙ্গিতে বৃদ্ধাকে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায় তাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, সিনেমার ভিলেনের মতো ভঙ্গিতে একজন অসহায় বৃদ্ধার সাথে এমন আচরণ পুলিশের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে। সাধারণ মানুষের প্রশ্ন—
ঘটনাটি কেবল পুলিশের আচরণের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং এটি সমাজের নৈতিক অবক্ষয়কেও সামনে এনেছে। স্থানীয় সচেতন মহলের মতে, সন্তানরা যেখানে বাবা-মায়ের দায়িত্ব নেয় না, সেখানে মায়ের সম্পদের ওপর তাদের অধিকার নিয়ে হস্তক্ষেপ করা এবং পুলিশ কর্তৃক সেই অন্যায়ে মদদ দেওয়া চরম উদ্বেগের বিষয়।
একজন সরকারি সেবকের এমন ক্ষমতা প্রদর্শন এবং বয়োজ্যেষ্ঠ নাগরিকের প্রতি অবমাননাকর আচরণের ঘটনায় যথাযথ তদন্ত ও বিভাগীয় শাস্তির দাবি উঠেছে। অসহায় ও দরিদ্র মানুষের ওপর ক্ষমতার এমন অপপ্রয়োগ বন্ধে ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।