নিজস্ব প্রতিবেদক বাঞ্ছবাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চরলহনীয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ১ নম্বর আসামি মোঃ জয়নাল আবেদীনকে স্থানীয়রা সাবেক বিএনপি নেতা এবং বাঞ্ছারামপুর উপজেলা ও ফরদাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক পদধারী নেতা হিসেবে শনাক্ত করেছেন।

পুলিশ জানায়, রবিবার রাত ৩টা ৩০ মিনিটের দিকে এক গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানার একটি বিশেষ দল চরলহনীয়া বাজার এলাকার আসকর আলী বেপারী বাড়ির রকিব মিয়ার একটি পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান চালায়। সেখানে আসামিরা টাকার বিনিময়ে প্রকাশ্য জুয়া খেলছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও তাদের ঘিরে ফেলে গ্রেফতার করা হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ জুয়া খেলার জন্য ব্যবহৃত দুই বান্ডেল তাস এবং আসামিদের হেফাজত থেকে নগদ ২৭,০০০/-(সাতাশ হাজার) টাকা জব্দ করেছে। জব্দকৃত আলামতসমূহ স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে তালিকাভুক্ত করা হয়েছে।
গ্রেফতারকৃত সাতজনের নাম হলো:
১। মোঃ জয়নাল আবেদীন (৪৩) – ১ নম্বর আসামি, সাং- চরলহনীয়া।
২। মোঃ সহিদ মিয়া (৪৮), সাং- চরলহনীয়া।
৩। মোঃ হোমেন আলী (৬২), সাং- চরলহনীয়া।
৪। মোঃ কামাল মিয়া (৪৮), সাং- চরলহনীয়া।
৫। মোঃ আনিছুর রহমান (৫১), সাং- চরলহনীয়া।
৬। মোঃ ছিদ্দিকুর রহমান (৬২), সাং- চরলহনীয়া।
৭। মোঃ সুজন মিয়া (৫০), সাং- ফরদাবাদ পূর্বপাড়া।
রাজনৈতিক সংশ্লিষ্টতা:
অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত ১ নম্বর আসামি মোঃ জয়নাল আবেদীন স্থানীয়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র অঙ্গ সংগঠন যুবদলের একজন সাবেক প্রভাবশালী নেতা। তিনি বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সাবেক সদস্য এবং ফরদাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি রামকৃষ্ণপুর কে.কে.আর.কে উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য এবং চরলহনীয়া বাজার ও কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন।
এলাকাবাসী জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ওই পরিত্যক্ত ঘরে গভীর রাত পর্যন্ত জুয়ার আসর বসাতো। জুয়াকে কেন্দ্র করে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়ছে এবং এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। পুলিশের এই সময়োপযোগী অভিযানকে তারা স্বাগত জানিয়েছে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোহাম্মদ ইয়াছিন নিশ্চিত করে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রকাশ্য জুয়া খেলারত অবস্থায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় এবং বাঞ্ছারামপুর মডেল থানায় একটি ননএফআইআর মামলা (নং-১৭/২৬ইং) রুজু করা হয়েছে। জুয়াসহ যে কোন ধরণের অসামাজিক কার্যকলাপ ও অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"
গ্রেফতারকৃত আসামিদের আজ আজকের ২ মে ২০২৬, শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাঞ্ছারামপুরে একজন চিহ্নিত সাবেক রাজনৈতিক নেতার এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার ঘটনায় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
https://thedailyprabaha.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫