
নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বেপরোয়া গতির একটি পিকআপের ধাক্কায় মান্ডু মিয়া (৬৮) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ৩০ এপ্রিল (মঙ্গলবার) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটের দিকে বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের খোশকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মান্ডু মিয়া স্থানীয় এলাকার বাসিন্দা। এই ঘটনায় ঘাতক পিকআপ চালক ইয়াছিনকে (২৮) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক ইয়াছিন ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরিফপুর গ্রামের মোঃ আজিজ মিয়ার ছেলে।
ঘটনার বিবরণ: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মান্ডু মিয়া খোশকান্দি এলাকায় সাবেক চেয়ারম্যান শহিদ মিয়ার বাড়ির সংলগ্ন পাকা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় একটি দ্রুতগামী পিকআপ বেপরোয়াভাবে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
ড্রাইভারের বক্তব্য: আটক পিকআপ চালক ইয়াছিন ঘটনার বর্ণনা দিতে গিয়ে জানায়, সে সামনের একটি ইজিবাইককে (অটো) বারবার হর্ন দিয়ে সাইড দেওয়ার অনুরোধ করছিল। কিন্তু ইজিবাইকটি সাইড না দেওয়ায় সে ওভারটেক করার চেষ্টা করে। ইয়াছিনের দাবি, "আমি ওভারটেক করার সময় বামে চাপলে আমার গাড়ির পেছনের হুকের সাথে ইজিবাইকটি আটকে যায়। ইজিবাইকটি যদি সময়মতো ব্রেক করত, তবে আমি সুন্দরভাবে বেরিয়ে যেতে পারতাম। ইজিবাইক ব্রেক না করায় আমি নিয়ন্ত্রণ হারাই এবং সামনে থাকা মুরুব্বিকে ধাক্কা দেই।"
পুলিশের পদক্ষেপ: ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, নিহতের ছেলে এরশাদ মিয়া (৫০) থানায় খবর দিলে তাৎক্ষণিক পুলিশি ব্যবস্থা নেওয়া হয়। বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালককে গ্রেফতার করে এবং ঘাতক পিকআপটি জব্দ করে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
https://thedailyprabaha.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫